all that i see

Friday, July 20, 2012

জন্ম জন্মান্তরে

আজ আমি মানুষরুপী
কাল মিশে যাব মাটিতে
 আমার পরিচয় হবে ধুলিকণা
শরতের নীল আকাশের একটুকু মেঘ ক্লান্ত হয়ে ঝরে পড়বে আমার গায়
খনিজ হয়ে মিশে যাব মাটির আরো গভীরে
গাছেরা প্রানের নির্যাস ভেবে শুষে নেবে আমাকে তাদের শিরায় উপশিরায়।
সূর্যের উষ্ণ আলোয় স্নান করে আমি বাতাস হবো
অক্সিজেনের বেশে আবার গিয়ে ঠাঁই নেব প্রিয়তমার বুকে।

কাল আমি মিশে যাব মাটিতে
আমার অস্তিত্ব বিলীন হবে ধুলিকণায়
বোশেখের লু হাওয়ায় উড়তে উড়তে গিয়ে পড়ব কোন প্রেমিকার চোখে
বুকের শত অভিমানের দায় আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সে ফেলবে দু ফোঁটা চোখের জল।
সে নোনা জলে ভাসমান হয়ে সমুদ্রে হবে আমার আশ্রয়
কোন এক ঝিনুকের রাজপ্রাসাদে বসে গায়ে জড়াব কষ্টের প্রলেপ
পরতের পর পরত
মুক্তোর বেশে গিয়ে আবার ঠাঁই নেব প্রিয়তমার গলে।

এ বিশ্বজগতে আজ আমি ধুলিকণা সম
অনু পরমানুতে ভেঙ্গে যাই আবার জন্ম নেব বলে
নব জন্মে আমি আকাশ চেরা বজ্র হই
লাল কমলা আলোয় আলোকিত করি সবুজের আশ্রয়খানি
দাউ দাউ  আগুনে বেদিশা  চঞ্চল হরিণের দল।
থমকে দাঁড়ানো  শাবকের চোখে প্রতিচ্ছবি হয়ে জ্বলি,
হরিনীর ভীত চোখ মেলে দেখে নেই
পাগলা বাতসে একগোছা অবাধ্য চুল এসে পড়েছে আমার সেই প্রিয়তমার মুখে।